ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জাগো তারকা’-তে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে তার জীবনযাপন ও অর্থ-সম্পদ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন মন্তব্য প্রসঙ্গ উঠে আসে। বিশেষ করে তাকে ঘিরে ‘বিলাসবহুল জীবন’ এবং বিপুল সম্পদের ধারণা নিয়ে প্রশ্ন করা হলে বাঁধন বিষয়টি হাস্যরসের সঙ্গেই এড়িয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রায়ই ছড়িয়ে পড়া একটি দাবি তিনি নাকি ২০০ কোটি টাকার সম্পদের মালিক- এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাঁধন মজা করে বলেন, ‘২০০ কোটি টাকা কি অনেক টাকা? সেটাও আমি জানি না।’
এরপর আরও রসিকতা করে তিনি যোগ করেন, ‘আমি এতটাই গরিব যে ২০০ কোটি টাকা যে কম টাকা, সেটাও বুঝতে পারছি না।’ তার এই মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দেয়, তবে পুরো বিষয়টিকে তিনি হাস্যরসের মাধ্যমেই তুলে ধরেন।
নিজের জীবনযাপন নিয়ে স্পষ্ট ধারণা দিতে গিয়ে বাঁধন জানান, তিনি এখনো বাবা-মায়ের সঙ্গেই থাকেন এবং ব্যক্তিগত চলাচলের জন্যও পারিবারিক গাড়ির ওপর নির্ভর করেন।
আরও পড়ুন
তিনি বলেন, ‘আজকে আমি জাগো নিউজের স্টুডিওতেও এসেছি তোমাদের ট্রান্সপোর্টের গাড়িতে।’ তার এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রচলিত বিলাসবহুল জীবনযাপনের ধারণাকে সরাসরি নাকচ করেন।
অনুষ্ঠানে ঈদ উদযাপনের স্মৃতিচারণ করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। তিনি জানান, শৈশবে কোরবানির ঈদ মানেই ছিল গ্রামে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানো।
মুন্সিগঞ্জের শ্রীনগরের গ্রামের কথা উল্লেখ করে বাঁধন বলেন, ছোটবেলায় ঈদের আনন্দ ছিল সম্পূর্ণ ভিন্ন-সবার সঙ্গে একসঙ্গে থাকা, আত্মীয়দের বাড়ি ঘোরা এবং পারিবারিক মিলনমেলা।
তিনি আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন গ্রামে আর আগের মতো মানুষ থাকে না, ফলে ঈদের সেই সরল আনন্দও অনেকটাই কমে এসেছে।
শৈশবের রোজার ঈদের একটি বিশেষ দিকও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, তখন ঈদের অন্যতম আনন্দ ছিল সিনেমা হলে যাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। তার ভাষায়, ঈদের আনন্দ এখন অনেকটাই দায়িত্ব ও ব্যস্ততার সঙ্গে মিশে গেছে, তবে স্মৃতিগুলো এখনো জীবন্ত।
ব্যক্তিগত জীবন, সম্পর্ক, বিয়ে এবং সামাজিক বাস্তবতা-সবকিছু নিয়েই বরাবরই সরাসরি কথা বলতে দেখা যায় আজমেরী হক বাঁধনকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানজুড়ে তিনি নিজের জীবন নিয়ে গুঞ্জন ও বাস্তবতার পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
এএডি/