ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসন ও যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা প্রচেষ্টার জন্য পাকিস্তানকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ মে) ওয়াশিংটনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রূপকল্প, তা বাস্তবায়নে পাকিস্তান শুরু থেকেই গঠনমূলক ভূমিকা পালন করছে। বিশেষ করে ইরানের সঙ্গে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।’
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বিগত এক বছরে পাক-মার্কিন সম্পর্কের ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন, মিত্র দেশগুলোর সমর্থনে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা দ্রুতই ইতিবাচক ফল বয়ে আনবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে তেহরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের জোরালো মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ইসলামাবাদে স্থায়ী চুক্তির আলোচনা সফল না হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
এদিকে, এই সংকট সমাধানের লক্ষ্যে শুক্রবার (২৯ মে) সকালেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো শর্তগুলো নিয়ে আলোচনা হয়।
তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুই ঘণ্টাব্যাপী চলা ওই গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও কেবল বৈঠকটি শেষ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
সময়ের আলো/জেডি