বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে কম কার্বনযুক্ত জ্বালানি এবং স্থিতিশীল বিদ্যুতের খোঁজে বিশ্বজুড়ে এখন নতুন তৎপরতা শুরু হয়েছে। এর ফলে পারমাণবিক

2026-05-30T21:56:26+00:00
2026-05-30T21:56:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যেসব দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৫৬ পিএম 
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে কম কার্বনযুক্ত জ্বালানি এবং স্থিতিশীল বিদ্যুতের খোঁজে বিশ্বজুড়ে এখন নতুন তৎপরতা শুরু হয়েছে। এর ফলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পুনরায় তার হারানো গতি ফিরে পাচ্ছে। আর এই কারণেই পারমাণবিক চুল্লির প্রধান জ্বালানি উপাদান ‘ইউরেনিয়াম’ আবার নতুন করে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। 

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা সাম্প্রতিক এক পরিসংখ্যানে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন দেশের বার্ষিক ইউরেনিয়াম উৎপাদনের একটি তুলনামূলক চিত্র উঠে এসেছে। যেখানে দেখা যায়, বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডা ও নামিবিয়ার মতো দেশগুলো দ্রুত তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে।

ইউরেনিয়াম সরবরাহে কাজাখস্তানের একচ্ছত্র আধিপত্য 

২০২৪ সালে একক দেশ হিসেবে কাজাখস্তান ২৩ হাজার ২৭০ টন ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা পুরো বিশ্বের মোট উৎপাদনের এক-তৃতীয়াংশের চেয়েও বেশি। দেশটিতে বেলেপাথরের বড় ইউরেনিয়াম খনি থাকার পাশাপাশি অত্যন্ত সাশ্রয়ী ‘ইন-সিটু রিকভারি’(In-Situ Recovery) নামের বিশেষ খনন পদ্ধতি ব্যবহার করা হয়। সনাতন খনন কাজের তুলনায় এই আধুনিক পদ্ধতিটি অনেক সস্তা এবং এতে মানুষের শ্রমও কম প্রয়োজন হয়। 

দেশটির রাষ্ট্র-সমর্থিত উৎপাদক কোম্পানি ‘কাজাটমপ্রম‘ গত এক দশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই উৎপাদন বাড়াতে মূল ভূমিকা পালন করেছে। শুধু উৎপাদনেই নয়, ইউরেনিয়াম মজুতের দিক দিয়েও কাজাখস্তান বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। করোনা মহামারির সময় দেশটির উৎপাদনে কিছুটা ভাটা পড়লেও, পরবর্তীতে ইউরেনিয়ামের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে ২০২৪ সাল নাগাদ তাদের উৎপাদন আবারও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

উৎপাদন বাড়িয়েছে কানাডা ও নামিবিয়া 

২০২৪ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছে কানাডা। এই বছর দেশটিতে উৎপাদন বেড়ে ১৪ হাজার ৩০৯ টনে দাঁড়িয়েছে। এর আগে খনি বন্ধ হওয়া এবং দুর্বল বাজার পরিস্থিতির কারণে ২০২০ সালে তাদের উৎপাদন খাতে বড় ধস নেমেছিল। তবে 'সিগার লেক' এবং 'ম্যাকআর্থার রিভার'-এর মতো বড় বড় প্রকল্পগুলো পুনরায় চালু হওয়ায় তাদের উৎপাদন খাত দ্রুতগতিতে ঘুরে দাঁড়াতে শুরু করে।

অন্যদিকে, নামিবিয়াও ২০২৪ সালে ৭ হাজার ৩৩৩ টন ইউরেনিয়াম উৎপাদন করে বড় সরবরাহকারী হিসেবে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ইউরেনিয়াম সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হওয়া নামিবিয়ার রয়েছে বিশাল উন্মুক্ত খনি। পারমাণবিক জ্বালানির বাড়তি চাহিদার কারণে বৃদ্ধি পাওয়া বিদেশি বিনিয়োগই মূলত তাদের এই উত্থানে প্রধান সহায়তা হিসেবে কাজ করেছে।

ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের উৎপাদন 

আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ামের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এক সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খননকাজ আর্থিকভাবে পুরোপুরি অলাভজনক হয়ে পড়েছিল। এর ফলে ২০২০ সালে দেশটির ইউরেনিয়াম উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে; সে বছর উৎপাদন হয়েছিল মাত্র ৬ টন।


তবে সাম্প্রতিক সময়ে ইউরেনিয়ামের বাড়তি দাম এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া ভূরাজনৈতিক উদ্বেগের কারণে এই খাতটি আবারও চাঙা হতে শুরু করেছে। এছাড়া মার্কিন প্রশাসন কর্তৃক রাশিয়ান ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা পুনর্গঠনে নতুন আগ্রহ তৈরি হয়েছে। 

২০২০ সালের প্রায় শূন্য উৎপাদন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র মাত্র ২৬০ টন ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম হয়েছে। এর বিপরীতে শীর্ষ দেশ কাজাখস্তান উৎপাদন করেছে ২৩ হাজার টনেরও বেশি। এই বিপুল ব্যবধান স্পষ্ট করে দেয় যে, বৈশ্বিক পারমাণবিক জ্বালানির বাজার এখনও অল্প কয়েকটি সরবরাহকারী দেশের ওপর ঠিক কতটা নির্ভরশীল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিশ্ব  ইউরেনিয়াম  সরবরাহ  নিয়ন্ত্রণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: