সময়ের সঙ্গে মানুষের বয়স বাড়ে, বদলে যায় চেহারার ঔজ্জ্বল্য। তবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে দেখে যেন সেই প্রচলিত ধারণা অনেকটাই ভুল প্রমাণিত হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে রাখা এই তারকা আবারও আলোচনায় এসেছেন তার নতুন এক ব্রাইডাল ফটোশুটের মাধ্যমে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বধূবেশে ধরা দেন পূর্ণিমা। আর ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের মতে, সময়ের সঙ্গে বয়স বাড়ার বদলে যেন আরও প্রাণবন্ত ও তরুণী হয়ে উঠছেন এই অভিনেত্রী।
ভিডিওতে হালকা গোলাপি রঙের নকশাদার বধূসাজে দেখা যায় পূর্ণিমাকে। পোশাকের সঙ্গে সবুজ পাথরের গয়না, কপালের টিকলি এবং পরিমিত সাজসজ্জা তার সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। ক্যামেরার সামনে কখনও মিষ্টি হাসি, কখনও লাজুক অভিব্যক্তি, আবার কখনও প্রাণখোলা ভঙ্গিতে পোজ দিয়ে নজর কাড়েন তিনি।
আরও পড়ুন
বিশেষ আকর্ষণ ছিল স্বামী আশফাকুর রহমানের সঙ্গে তার রোম্যান্টিক উপস্থিতি। ভিডিওর বিভিন্ন মুহূর্তে দুজনকে একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। গোলাপের পাপড়ি ছড়ানো পরিবেশে স্বামীর কাঁধে মাথা রেখে পূর্ণিমার শান্ত অভিব্যক্তি ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসার ঢল নামে। অনেকেই মন্তব্য করেছেন, পূর্ণিমার সৌন্দর্য যেন সময়ের গণ্ডি মানে না। কেউ লিখেছেন, শৈশবে যেভাবে দেখেছেন, আজও তাকে প্রায় একই রকম লাগছে। আবার কেউ বিস্ময় প্রকাশ করে জানতে চেয়েছেন, বয়স কি সত্যিই পূর্ণিমার জন্য থেমে গেছে?
কেবল সৌন্দর্য নয়, স্বামী-স্ত্রীর আন্তরিক সম্পর্কও দর্শকদের নজর কেড়েছে। অনেক ভক্ত তাঁদের রসায়নের প্রশংসা করে আরও একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ রসিকতা করে দুজনকে নিয়ে একটি রোম্যান্টিক চলচ্চিত্র নির্মাণের কথাও বলেছেন।
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ পথচলায় পূর্ণিমা নিজেকে শুধু একজন সফল অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করেননি, বরং রুচিশীল ব্যক্তিত্ব ও অনন্য সৌন্দর্যের জন্যও আলাদা পরিচিতি পেয়েছেন। প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে তার জনপ্রিয়তা আজও সমানভাবে অটুট।
এএডি/