নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গুলিবর্ষণ ও জেলের নৌকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি

2026-05-31T12:15:50+00:00
2026-05-31T12:15:50+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি, আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গুলিবর্ষণ ও জেলের নৌকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি পাল্টা অভিযান চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় দুই রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় অবস্থান করছিলেন। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকায় থাকা সশস্ত্র গ্রুপ তাদের ধাওয়া করে। পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা হ্নীলা ১ নম্বর সুইস গেটের অভ্যন্তরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি দখলে নিয়ে বেঁধে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আবদুল মালেক জানান, সশস্ত্র ব্যক্তিরা দ্রুত নৌকাটি নিয়ে সীমান্তের দিকে সরে যায়। অপর প্রত্যক্ষদর্শী ফরিদ আলমের দাবি, নৌকাটিতে চোরাচালান-সংশ্লিষ্ট কিছু মালামাল ছিল। নৌকাটি ছিনতাই করার পর সশস্ত্র গ্রুপের সদস্যরা সেসব সামগ্রী নিজেদের নৌকায় স্থানান্তর করে দ্বীপের দিকে চলে যায়।

শনিবার রাত ১০টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফের হ্নীলা বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে সুইস গেট সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপ মাছ ধরারত দুই রোহিঙ্গা জেলেকে লক্ষ্য করে আনুমানিক তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা জেলেদের ব্যবহৃত নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের অভ্যন্তরে খরের দ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সশস্ত্র গ্রুপটি ডুবারচর এলাকা অতিক্রমকালে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩) নামে দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

/কেআই


  বিষয়:   নাফ নদী  রোহিঙ্গা  বিজিবি  গোলাগুলি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: