নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে সাওবান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৫৫টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ১০৮ জন শিশু।
রোববার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।
মৃত সাওবান সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ মে হামের উপসর্গ নিয়ে সাওবানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তীব্র জ্বরের পাশাপাশি সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ মে) বিকেল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে সেখানেই তার মৃত্যু হয়।
আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ১০ থেকে ১৫ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে। বর্তমানে আক্রান্ত ১০৮ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং ওষুধসহ আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর রয়েছে।
সময়ের আলো/জেডি