ঈদুল আজহার দীর্ঘ ছুটির শেষ দিনেও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো ছিল সরগরম। বিশেষ করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সকাল থেকেই সেখানে ভিড় জমান নানা বয়সী মানুষ। তবে এবার দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।
রোববার (৩১ মে) সকালের পর থেকেই জাতীয় চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে আসা দর্শনার্থীরা টিকিট সংগ্রহ করে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেন। বাঘ, হাতি, জিরাফ, বানর ও হরিণের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় থাকলেও সবচেয়ে বেশি কৌতূহল দেখা যায় আলোচিত সাদা মহিষটিকে ঘিরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসার পর ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি এখন জাতীয় চিড়িয়াখানার অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। অনেকেই শুধু এই প্রাণীটিকে সরাসরি দেখার উদ্দেশ্যেই চিড়িয়াখানায় এসেছেন বলে জানান।
বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, সামাজিক মাধ্যমে মহিষটির ভিডিও ও ছবি দেখার পর থেকেই সরাসরি দেখার আগ্রহ তৈরি হয়েছিল। ছুটির শেষ দিনটি কাজে লাগিয়ে বন্ধুরা মিলে চিড়িয়াখানায় এসেছেন তিনি।
আরও পড়ুন
অন্যদিকে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায় প্রাণীগুলো সম্পর্কে তাদের নানা প্রশ্নের উত্তর দিতে। অনেক শিশু প্রথমবারের মতো বড় প্রাণীগুলো কাছ থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রচণ্ড গরমের মধ্যেও দর্শনার্থীদের উৎসাহে কোনো ঘাটতি ছিল না। কেউ লেকপাড়ে বসে বিশ্রাম নিয়েছেন, কেউ আবার ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। অনেক পরিবারকে খোলা জায়গায় বসে ঈদের ছুটির শেষ বিকেল উপভোগ করতে দেখা গেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির সরবরাহ, নিরাপত্তাকর্মীদের তৎপরতা এবং দর্শনার্থী ব্যবস্থাপনায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের দ্বিতীয় দিনেই এক লাখের বেশি মানুষ চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। ছুটির শেষ দিনেও দর্শনার্থীর চাপ ছিল উল্লেখযোগ্য।
চিড়িয়াখানার বাইরে ছিল ভিন্ন এক চিত্র। খাবার, খেলনা, আচার ও বিভিন্ন সামগ্রীর অস্থায়ী দোকানে ছিল ক্রেতাদের ভিড়। বিক্রেতারাও ঈদের ছুটির শেষ দিনে ভালো বিক্রির আশা প্রকাশ করেন।
এদিকে দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে মিরপুরের আশপাশের কয়েকটি সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়। অনেকেই যানজট এড়িয়ে হেঁটে চিড়িয়াখানার প্রবেশপথে পৌঁছান।
ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে কর্মজীবী মানুষের ফিরতি যাত্রাও শুরু হয়েছে। তবে সেই ব্যস্ততার মাঝেও জাতীয় চিড়িয়াখানায় মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, ছুটির শেষ মুহূর্তটুকুও পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দময়ভাবে কাটাতে চান নগরবাসী। আর সেই আনন্দযাত্রার সবচেয়ে আলোচিত আকর্ষণ হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের সাদা মহিষটি।
এএডি/