ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলমান নতুন ইবোলা ভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী সেরে উঠেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘটনাকে স্বাগত জানিয়েছে।
সংস্থাটি বলছে, আক্রান্তদের মধ্যে একজন রোগী শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং আরও চারজন খুব শিগগিরই ছাড়পত্র পাবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসাস কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় নতুন একটি ইবোলা চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের সময় এ তথ্য জানান।
তিনি বলেন, আজ চারজন রোগীকে ছাড়পত্র দেওয়া হবে এবং দুই দিন আগে আরও একজনকে ছাড়া হয়েছে।
বর্তমান প্রাদুর্ভাবটি কঙ্গোর ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই প্রাদুর্ভাবে ছড়িয়ে পড়া ভাইরাসটির বুন্দিয়াগো ধরনের, যা আক্রান্তদের মধ্যে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে।
পরিস্থিতি চরম উদ্বেগজনক
আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। তাদের মতে, এই প্রাদুর্ভাব আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
এমএসএফের উপ-পরিচালক অ্যালান গঞ্জালেস বলেন, এই রোগ শনাক্ত করা কঠিন, কারণ পরীক্ষার সুবিধা সীমিত। তিনি জানান, প্রাদুর্ভাব ঘোষণার পর এত অল্প সময়ে এত বেশি রোগী আগে কখনও দেখা যায়নি।
তিনি আরও বলেন, এই ধরনের ইবোলার জন্য এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
/ইউএমএইচ