আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে সক্রিয় প্রতারক চক্রের বিষয়ে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও আইনানুগ পদ্ধতি অনুসরণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তাই চাকরি দেওয়ার আশ্বাসে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে নানা কৌশলে প্রতারণার চেষ্টা করছে বলে এনবিআর জানতে পেরেছে।
এনবিআর জানায়, এসব চক্রের মূল উদ্দেশ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। অনেক ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকা প্রার্থীদের কাছে অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করা হয়েছে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। আবার যেসব প্রার্থী যোগ্যতার অভাবে চাকরি পাবেন না, তাদের মধ্যে কয়েকজনকে অর্থ ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরির কৌশলও অবলম্বন করা হতে পারে। তবে প্রকৃতপক্ষে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া ব্যক্তিদের কাছ থেকে নেওয়া অর্থ প্রতারকরাই আত্মসাৎ করবে।
সংস্থাটি আরও জানায়, আয়কর বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, সুপারিশ বা অর্থ লেনদেনের সুযোগ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে।
বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো ব্যক্তি বা চক্রের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে।
এ বিষয়ে তথ্য জানাতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তার টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ই-মেইল
[email protected] ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এনবিআর বদ্ধপরিকর উল্লেখ করে সংস্থাটি চাকরিপ্রার্থীদের কোনো ধরনের প্রলোভন বা প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে।
/কেআই