ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা, ক্লান্ত বা নিস্তেজ দেখানোর সমস্যা অনেকেরই নিত্যদিনের অভিজ্ঞতা। অনিয়মিত ঘুম, অতিরিক্ত লবণযুক্ত খাবার কিংবা শারীরিক ক্লান্তির কারণে এ ধরনের সমস্যা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় দ্রুত সতেজ চেহারা ফিরে পেতে এখন অনেকে ঝুঁকছেন একটি নতুন ঘরোয়া বিউটি ট্রেন্ডের দিকে- ‘হলুদের বরফ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই স্কিনকেয়ার হ্যাকটি মূলত প্রাচীন আয়ুর্বেদিক উপাদান হলুদ এবং আধুনিক স্কিন থেরাপির ঠান্ডা চিকিৎসা বা ক্রায়োথেরাপির ধারণার সমন্বয়ে তৈরি।
বিশেষজ্ঞদের মতে, বরফের ঠান্ডা প্রভাব ত্বকের রক্তনালী সাময়িকভাবে সংকুচিত করে, যার ফলে মুখের ফোলাভাব ও ক্লান্ত ভাব কিছুটা কমে আসে। একই সঙ্গে রক্ত সঞ্চালন বাড়তে সাহায্য করায় ত্বকে দেখা যায় তুলনামূলক সতেজ ও উজ্জ্বল ভাব।
আরও পড়ুন
অন্যদিকে হলুদের প্রধান উপাদান কারকিউমিন প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের প্রদাহ কমাতে, ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এবং নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে স্কিনকেয়ার বিশেষজ্ঞরা মনে করেন।
কোন হলুদ ব্যবহার করবেনরান্নার সাধারণ হলুদ অনেক সময় ত্বকে দাগ ফেলে যেতে পারে। তাই বিউটি রুটিনে ব্যবহার করার জন্য সাধারণত কস্তুরী হলুদ বা অর্গানিক হলুদ বেশি উপযোগী বলে পরামর্শ দেওয়া হয়। এটি তুলনামূলকভাবে ত্বকে কম দাগ ফেলে এবং স্কিনকেয়ারে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
ঘরেই কীভাবে বানাবেন হলুদের বরফএকটি পরিষ্কার পাত্রে আধা কাপ পানি, গোলাপ জল বা অ্যালোভেরা মিশ্রিত পানি নিতে হবে। এতে এক চা-চামচ কস্তুরী হলুদ মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে।
শুষ্ক ত্বকের ক্ষেত্রে সামান্য কাঁচা দুধ বা মধু যোগ করা যেতে পারে। এরপর মিশ্রণটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে ৬ থেকে ৮ ঘণ্টা রাখলেই তৈরি হয়ে যাবে হলুদের বরফ। তবে হলুদের দাগ থেকে রক্ষা পেতে আলাদা ট্রে ব্যবহার করাই ভালো।
ব্যবহারের নিয়মহলুদের বরফ সরাসরি ত্বকে ঘষা উচিত নয়। বরং এটি একটি নরম কাপড়ে মুড়ে মুখের ফোলা অংশ, চোখের নিচে বা ব্রণপ্রবণ জায়গায় হালকা ম্যাসেজের মতো ব্যবহার করতে হবে। এক থেকে দুই মিনিট ব্যবহারই যথেষ্ট। এরপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগানো উচিত।
সতর্কতাবিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ঘরোয়া স্কিনকেয়ার ট্রেন্ড, চিকিৎসা নয়। তাই সংবেদনশীল ত্বক, একজিমা বা অন্য কোনো ত্বকের সমস্যায় থাকলে ব্যবহারের আগে সতর্ক থাকা প্রয়োজন। প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করার পরামর্শও দেওয়া হয়।
সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই ‘হলুদের বরফ’ আপাতত দ্রুত ফেস রিফ্রেশ করার একটি সহজ উপায় হিসেবে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান, সুষম খাবার, নিয়মিত ঘুম ও সঠিক স্কিনকেয়ার রুটিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এএডি/