রাজধানীর পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গোডাউনের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এমআর এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।
দগ্ধ মো. মিরাজ জানান, তারা তিনজন টেকেরহাট এলাকার এমআর ইন্টারপ্রাইজে কাজ করেন। ঈদের ছুটির পর আজ প্রথম দোকান খুলেছেন। ডিজিটাল টুল স্কেলের গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই চারদিকে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। এরপর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেয়া হয়।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। এদের মধ্যে মিরাজের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ ও রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে। এবং বাকি দুজনকে ভর্তি করা হয়েছে।
/কেআই