নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মমদানি রোববার অনুষ্ঠিত বার্ষিক 'ইসরায়েল ডে' শোভাযাত্রায় অংশ নেননি। এর ফলে তিনি কয়েক দশকের মধ্যে প্রথম নিউইয়র্ক মেয়র হিসেবে এই ঐতিহ্যবাহী আয়োজনে অনুপস্থিত থাকলেন।
১৯৬০-এর দশক থেকে নিউইয়র্কে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ইসরায়েলের বাইরে বিশ্বের বৃহত্তম নগরভিত্তিক ইহুদি জনগোষ্ঠীর একটি নিউইয়র্কে বসবাস করে। তাই দীর্ঘদিন ধরে শহরের মেয়র ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে আসছিলেন।
বর্তমানে নিউইয়র্ক শহরে প্রায় ১০ লাখ ইহুদি বাস করেন।
এ বছরও হাজার হাজার মানুষ ম্যানহাটনের রাস্তায় শোভাযাত্রা করেন। তারা ইসরায়েলের পতাকা ও নীল-সাদা বেলুন বহন করেন। অনেকের পোশাকে লেখা ছিল, আমি ইসরায়েলকে ভালোবাসি।
ইসরায়েল সরকারের নীতির সমালোচক মেয়র
মেয়র জোহরান মমদানি অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে আগেই জানিয়েছিলেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময়ই তিনি এই শোভাযাত্রায় অংশ না নেওয়ার কথা বলেছিলেন এবং ইসরায়েল সরকারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া মমদানি ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেছেন এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করে।
দুই সপ্তাহ আগে তার দপ্তর ‘নাকবা’ স্মরণে একটি ভিডিও প্রকাশ করে। ‘নাকবা’ শব্দের অর্থ মহাবিপর্যয়, যা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব-ইসরায়েল যুদ্ধের সময় প্রায় সাত লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়াকে বোঝায়।
তবে মমদানি একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণকে “ভয়াবহ যুদ্ধাপরাধ” বলে নিন্দা করেন এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের সমান অধিকারের প্রতি সমর্থন জানান।
নিরাপত্তা জোরদারের আশ্বাস
শোভাযাত্রায় অংশ না নিলেও মমদানি জানান, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
শোভাযাত্রায় নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ উপস্থিত ছিলেন, যিনি ইহুদি সম্প্রদায়ের সদস্য। তিনি বলেন, শোভাযাত্রায় অংশ না নেওয়া মেয়রের সিদ্ধান্ত এবং তিনি নিজে গর্বের সঙ্গে অংশ নিয়েছেন।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও সমালোচনা
মমদানির এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, মেয়র এই শোভাযাত্রায় অংশ না নিয়ে ইহুদি জনগোষ্ঠী ও ইসরায়েল সমর্থকদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, নেতৃত্বের অর্থ হলো সব নাগরিকের পাশে থাকা, যার মধ্যে ইহুদি সম্প্রদায়ও অন্তর্ভুক্ত।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রে ইসরায়েল সমর্থন আগের তুলনায় কমেছে। এই পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক পরিবেশে মমদানির সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
/ইউএমএইচ