বিচারের নামে দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের বিচার ব্যবস্থায় বিচারের নামে অবিচার এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের

2026-06-01T18:35:09+00:00
2026-06-01T18:35:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিচারের নামে দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে : শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিচার ব্যবস্থায় বিচারের নামে অবিচার এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (১ জুন) বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকা ঢাকার মিরপুরের পল্লবীতে নির্মমভাবে নিহত হওয়া আট বছরের শিশু রামিসার অসুস্থ বাবার সঙ্গে এক আবেগঘন সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। পবিত্র হজ পালন সম্পন্ন করে আজ দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ওই পরিবারকে সান্ত্বনা দিতে যান জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারে সরকারের দেওয়া পূর্ববর্তী প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে জামায়াতে ইসলামী প্রত্যাশা করে। তিনি স্পষ্ট করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে যেকোনো চাঞ্চল্যকর অপরাধের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা সম্ভব। 

এদিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে অমানুষিক ধর্ষণের পর গলা কেটে ও মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মাধ্যমে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। 

ওইদিনই মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাক অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত সেই অভিযোগপত্রটি যথাযথভাবে গ্রহণ করে মামলাটি মূল বিচারের জন্য পরবর্তী ট্রাইব্যুনালে বদলির আদেশ জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে ঘর থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের ঘরের ভেতরে ডেকে নেয়। পরবর্তীতে রামিসাকে খুঁজে না পেয়ে তার মা আসামির দরজার সামনে মেয়ের জুতো দেখতে পান। 

কোনো সাড়াশব্দ না পেয়ে ফ্ল্যাটের অন্যান্য লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমে একটি বালতির ভেতর কাটা মাথা উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর গত ২০ মে ঘাতক সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানায়, ঘটনার পূর্বে সে মারাত্মক মাদক ইয়াবা সেবন করেছিল এবং রামিসাকে বাথরুমে নিয়ে ধর্ষণের পর শিশুটি জ্ঞান হারালে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। ধরা পড়ার ভয়ে সোহেল ধারালো ছুরি দিয়ে রামিসাকে গলা কেটে হত্যা করে এবং লাশ গুমের উদ্দেশ্যে মাথা ও দুই হাত কেটে দেহ বিচ্ছিন্ন করে খাটের নিচে লুকিয়ে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। 

এই জঘন্য ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন, যিনি বর্তমানে তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: