বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা ওই সময়ের মধ্যেই বন্ধ করতে হবে।
এছাড়া, বিভিন্ন স্থানে চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।
বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, আগে সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। পরে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য তা সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের নিয়ম আবার কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব দোকান ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং একই নিয়ম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
/ইউএমএইচ