ভারত–ওমান বাণিজ্য চুক্তি কীভাবে হরমুজ প্রণালীর বাইরে উপসাগরে বিকল্প রুট খুলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত ও ওমানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) আজ থেকে কার্যকর হয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই চুক্তি

2026-06-01T20:20:35+00:00
2026-06-01T20:20:35+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারত–ওমান বাণিজ্য চুক্তি কীভাবে হরমুজ প্রণালীর বাইরে উপসাগরে বিকল্প রুট খুলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২০ পিএম 
ভারতের ওমান থেকে আমদানি গত এক বছরে ২৪৬.৪ শতাংশ বেড়েছে। ছবি : এনডিটিভি
ভারত ও ওমানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) আজ থেকে কার্যকর হয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই চুক্তি কার্যকর হলো, যা আন্তর্জাতিক সমুদ্রপথে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি করেছে।

এই চুক্তির ফলে ভারত থেকে শ্রমনির্ভর বহু পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসকাট সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই চুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা নতুন বাজার তৈরি, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে।

কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ

এই চুক্তি এমন এক সময়ে কার্যকর হলো, যখন হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

হরমুজ প্রণালী সংকটের কারণে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

তবে ওমানের ভৌগোলিক অবস্থান তুলনামূলকভাবে সুবিধাজনক। কারণ ওমানের অনেক উপকূলীয় এলাকা হরমুজ প্রণালীর বাইরে আরব সাগর ও ওমান উপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে সংকটকালেও দেশটি একটি বিকল্প বাণিজ্য ও জ্বালানি রুট হিসেবে কাজ করতে পারে।


ভারতের বাণিজ্যে পরিবর্তন

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো থেকে ভারতের আমদানি ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ওমান এর ব্যতিক্রম। ওমান থেকে ভারতের আমদানি প্রায় ২৪৬ শতাংশ বেড়েছে, মূলত অপরিশোধিত তেল ও ইউরিয়া কেনার কারণে।

ভারতের রফতানি কিছুটা কমলেও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, সংকটকালীন সময়ে ওমান ভারতের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প বাণিজ্য ও জ্বালানি পথ হিসেবে কাজ করতে পারে।

চুক্তি থেকে ভারতের লাভ

এই চুক্তির অধীনে ওমান ভারতীয় প্রায় ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। এতে ভারতের রপ্তানির প্রায় পুরো অংশই সুবিধার আওতায় আসবে। গয়না, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, যন্ত্রপাতি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে।

চুক্তি থেকে ওমানের লাভ

অন্যদিকে, ভারতও ওমানের প্রায় ৭৮ শতাংশ পণ্যের ওপর শুল্ক কমাবে বা তুলে দেবে। ভারত মূলত ওমান থেকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সার ও বিভিন্ন শিল্প কাঁচামাল আমদানি করে থাকে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু বাণিজ্য বাড়াবে না, বরং হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার সময় ভারত ও ওমানকে একটি বিকল্প জ্বালানি ও বাণিজ্যিক করিডোর হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।


সূত্র : এনডিটিভি 

/ইউএমএইচ


  বিষয়:   ভারত–ওমান  বাণিজ্য চুক্তি  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: