একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। আর আজ তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রতিমন্ত্রী। সংগ্রাম ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কালিতা মাঝি।
সোমবার (১ জুন) কলকাতার লোক ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের গভর্নর আরএন রবি তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর কালিতা মাঝি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। কখনো ভাবিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো আরও দূরের বিষয় ছিল। ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি। আগে শুধু নিজের কেন্দ্রের দায়িত্ব ছিল, এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্বের অংশীদার হলাম।
আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি কালিতা মাঝি। পরিবারের ভরণপোষণের জন্য দীর্ঘদিন বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। তার স্বামী পেশায় একজন প্লাম্বার এবং ছেলে পার্থ বর্তমানে স্কুলে অধ্যয়নরত।
রাজনীতিতে তার পথচলা শুরু হয়েছিল দলীয় বুথকর্মী হিসেবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। তবে ২০২৬ সালের নির্বাচনে আউশগ্রাম আসন থেকে বিজয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। কালিতা মাঝির এই উত্থানকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সংগ্রাম থেকে সাফল্যের এক অনুপ্রেরণামূলক গল্প হিসেবে দেখা হচ্ছে।
/ইউএমএইচ