কার দোষে অচল হাতিয়া ফেরিঘাট? মুখোমুখি এমপি ও স্থানীয়দের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি ব্যবস্থাপনায় অনিয়ম, কৃত্রিম যানজট সৃষ্টি ও একটি সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ও

2026-06-02T01:23:49+00:00
2026-06-02T01:23:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
কার দোষে অচল হাতিয়া ফেরিঘাট? মুখোমুখি এমপি ও স্থানীয়দের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২৩ এএম 
সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি ব্যবস্থাপনায় অনিয়ম, কৃত্রিম যানজট সৃষ্টি ও একটি সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদের ঘাট পরিদর্শনকে কেন্দ্র করে ফেরিঘাটে তীব্র বিশৃঙ্খলা ও যানজটের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

সংসদ সদস্যের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে ঢাকায় ফেরার উদ্দেশে হাতিয়া ফেরিঘাটে পৌঁছান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদ। তবে ঘাটে পৌঁছানোর পর তাকে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। ওই সময় মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে দীর্ঘ সময় সড়কে দাঁড় করিয়ে রাখা হয়, ফলে ঘাট এলাকায় তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগ সৃষ্টি হয় বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করে সংসদ সদস্যকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এমপি ঘাটে পৌঁছানোর আগেই ওই চক্রটি যানবাহন ফেরিতে উঠতে বাধা দেয় এবং কৃত্রিম জট তৈরি করে বলে অভিযোগ করা হয়। 

এ ঘটনার পর সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদ ফেরিতে উঠে স্পষ্টভাবে বলেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি কারো জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না, নির্ধারিত সময়সূচি মেনেই ফেরি চলাচল করতে হবে। একই সঙ্গে তিনি ফেরিঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ফেরিঘাটে ফেরি ‘মহানন্দা’ ছাড়তে বিলম্ব হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, সংসদ সদস্যের জন্য ফেরি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে এবং এ নিয়েই ঘাটে জটিল পরিস্থিতি তৈরি হয়।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, তিনি ফেরি আটকে রাখার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং ঘাটে সৃষ্ট জটিলতা নিরসন এবং যাত্রীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যেই তিনি সেখানে উপস্থিত হন। তাঁর দাবি, বিএনপির কিছু লোকসহ একটি অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পরিকল্পিতভাবে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

এদিকে সংসদ সদস্যের কার্যালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাতিয়াবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর মূল ভূখণ্ডের সঙ্গে ফেরি যোগাযোগ চালু হলেও শুরু থেকেই একটি চক্র এ সেবাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলমুখী মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটে অতিরিক্ত ভিড় ও যানজটের পরিস্থিতি তৈরি হয়। তবে অনেক যাত্রীর অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় ফেরি ছাড়তে বিলম্ব হয়েছে। অন্যদিকে সংসদ সদস্যের সমর্থকদের দাবি, প্রশাসনিক বিশৃঙ্খলা ও সিন্ডিকেটের কারণে এই জটিলতা তৈরি হয়েছে, কোনো ব্যক্তির কারণে নয়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ঈদের পর অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপের কারণে ফেরি ব্যবস্থাপনায় সাময়িক জটিলতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি বা অনিয়মের অভিযোগ সত্য হলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, হাতিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি ফেরি সেবা চালু হয়। তবে চালুর পর থেকেই ফেরি ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক অব্যাহত রয়েছে। এই অবস্থায় ফেরি সেবাকে আরও স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও যাত্রীবান্ধব করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরবিএন 



  বিষয়:   সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: