দলীয় ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার নেত্রী নওশাবা মুকতার সিয়ামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওশাবা মুকতার সিয়ামকে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে প্রকাশিত কয়েকটি আলোচিত বিষয় দলের অভ্যন্তরে আলোচনা সৃষ্টি করে। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে সংশ্লিষ্ট নেতারা।
আরও পড়ুন
এ প্রেক্ষাপটে সোমবার জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা কমিটি আনুষ্ঠানিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইনের স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার কর্মকাণ্ড দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
নোটিশে নওশাবা মুকতার সিয়ামকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফলে এখন নজর থাকবে নোটিশের জবাব এবং দলীয় শৃঙ্খলা কমিটির পরবর্তী পদক্ষেপের দিকে।
এএডি/