চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরি সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি শ্বশুরবাড়ি গোয়ালবাড়ি গ্রামে বসবাস করছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের এমরান হোসেনের বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা একজনকে আটক করে। তারপর চিৎকার করে স্থানীয় লোকজনকে সেখানে জড়ো করা হয়। তারপর উত্তেজিত জনতা ফিরোজ আলীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/মহু