নদী কিংবা সাগরের লোনা পানির কোরাল মাছ মিলল একটি আবাসন প্রকল্পের পুকুরে। ১৩ কেজি ওজনের মাছটি দেখতে প্রকল্প এলাকায় ভিড় জমান উৎসুক মানুষ।
মঙ্গলবার (০২ জুন) দুপুরে উপজেলার কলাতলি ইউনিয়নের কাজিরচর ১ নম্বর ওয়ার্ডের শফিক আবাসন প্রকল্পের পুকুরে জাল টানতেই উঠে আসে এই বিশাল মাছ। মনপুরায় বদ্ধ জলাশয়ে এত বড় কোরাল মাছ ধরা পড়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন স্থানীয়রা।
আবাসন প্রকল্পের বাসিন্দা মতিন মোল্লা জানান, দীর্ঘদিন পর মঙ্গলবার দুপুরে পুকুরটিতে মাছ ধরার জন্য জাল ফেলেন স্থানীয়রা। জাল টেনে তোলার শেষ মূহূর্তে পানির নিচে প্রচণ্ড মোচড়ামুচড়ি ও ভারী টান অনুভূত হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর জাল যখন পাড়ে আনা হয়, তখন চোখ কপালে ওঠে সবার। রূপালী রঙের এক বিশাল কোরাল মাছ ছটফট করতে দেখা যায় জালের ভেতর।
পুকুরে এত বড় কোরাল পাওয়ার বিষয়ে স্থানীয় প্রবীণ বাসিন্দা রহিজন মুন্সি জানান, বর্ষা বা ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের তীব্রতা বাড়লে নদীর লোনা পানি অনেক সময় এই পুকুরের ভেতরে ঢুকে পড়ে। সেই জোয়ারের পানির সঙ্গে মাছটি পোনা অবস্থায় এই আবাসন প্রকল্পের পুকুরে আশ্রয় নিয়েছিল। পুকুরে পর্যাপ্ত ছোট মাছ ও চিংড়ি থাকায় খাবার শিকার করে এটি দ্রুত বড় হয়ে ওঠে।
উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বর্ণিক বলেন, কোরাল হচ্ছে দ্রুত বর্ধনশীল মাছ। পর্যাপ্ত খাবার পেলে এরা বছরে ৩ থেকে ৪ কেজি হতে পারে। এ মাছটি পুকুরে মিনিমাম ৩ থেকে ৪ বছর ছিল এবং পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলে তা দ্রুত বড় হয়েছে।
/মহু