গাইবান্ধায় গভীর রাতে বিধবার গোয়ালঘরে আগুন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে মমতাজ বেগম (৬০) নামে এক বিধবা নারীর গোয়ালঘর ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

2026-06-02T16:52:31+00:00
2026-06-02T16:52:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় গভীর রাতে বিধবার গোয়ালঘরে আগুন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৫২ পিএম 
স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে মমতাজ বেগম (৬০) নামে এক বিধবা নারীর গোয়ালঘর ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী মমতাজ বেগম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, মমতাজ বেগমের স্বামী মজিবর রহমান মারা যাওয়ার পর থেকেই একই গ্রামের মোশারফ হোসেন মিলন, হাফিজুর রহমান, দুলু মিয়াসহ কয়েকজনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর স্বামীর নামের জমি দখলে রাখে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু জমি ছেড়ে দিলেও বাকি জমি এখনও জোরপূর্বক দখলে রেখেছে তারা।


ভুক্তভোগীর অভিযোগ, জমিতে যাওয়া-আসা করলেই তাকে ও পরিবারের সদস্যদের মারধর, খুন ও গুমের হুমকি দেওয়া হতো। তাই চলতি বছরের ১৫ মার্চ সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তারা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের লোক তার বাড়িতে গিয়ে চিৎকার-চেঁচামেচি ও গালিগালাজ শুরু করে। একপর্যায়ে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে গোয়ালঘরে থাকা একটি গাভী ও তিনটি ছাগল গুরুতর আহত হয়। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়ার কারণে বসতঘরের বিভিন্ন মালামালও পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মমতাজ বেগম বলেন, ‘আমি একজন অসহায় বিধবা নারী। স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পদ নিয়েই বেঁচে ছিলাম। এখন আগুনে আমার গোয়ালঘর, গবাদিপশু ও ঘরের জিনিসপত্র পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। এখন গভীর রাতে বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেন মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘এ বিষয়ে মমতাজ বেগমের এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/মহু



  বিষয়:   গাইবান্ধা  আগুন  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: