হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার (২ জুন) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
সেন্টকমের দাবি, ইরান আঞ্চলিক কয়েকটি প্রতিবেশী দেশের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সেগুলোর কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, কুয়েতের দিকে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বা পথেই বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বাহরাইনের দিকে নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
এর আগে, বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবর পাওয়া যায়।
/কেএইচও