কলাগাছের সঙ্গে জিআই তার দিয়ে বেঁধে রাখা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে এলো নদীতে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানা পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শেরপুরের ফটিয়ামারি এলাকার মৃগী নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উজান থেকে মৃগী নদীপথে একটি অজ্ঞাতনামা মরদেহ ভেসে আসে। মরদেহটি একটি কলাগাছের সঙ্গে জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আনুমানিক ত্রিশ বছরের বেশি যুবকের মরদেহটি সদর উপজেলার ফটিয়ামারি এলাকায় এসে কচুরিপানার সঙ্গে আটকে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের মেঘালয়ের কোনো এলাকা থেকে মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই