চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজার মাঠে ঐতিহ্যবাহী বলিখেলা উৎসব জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে আয়োজিত এ বলীখেলায় বিভিন্ন এলাকার বলিরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় মোট ২১টি খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কুমিল্লার রাশেদ মাল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ীদের নগদ পুরস্কার হিসাবে নগদ টাকা প্রদান করেন।
বলীখেলা উপভোগ করতে পদুয়া ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ কায়ছার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, বিএনপি নেতা জাহেদ হোসেন চৌধুরী, মো. হোসেন, মো. জামাল উদ্দিন, মো. নেজাম উদ্দিন, আজাদ তালুকদার, মো. নওশাদ, রেজাউল করিম ও শাহজাহান সিকদার।
৫ নং ওয়ার্ড জয়নগর হারুয়ালছড়ি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বলীখেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। খেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
সময়ের আলো/জোই