মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের মাহিমের শিশুকন্যা আফরিন খাতুন (৪) ও ভাগ্নে যশোর ঝিকরগাছার বাসিন্দা আকবর হোসেন (১০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
জানা যায়, চালক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে যাত্রী নিয়ে গাংনী উপজেলার বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শিশু আফরিন ও আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক আরিফুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন খাতুন ও তার ফুপাতো ভাই আকবর হোসেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক, ইজিবাইক ও আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
/মহু