গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক ও ১ জন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর এক টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের বাসিন্দা সুজন (৩৮)। অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালক ও রিকশায় থাকা আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘নিহত দুজনের মরদেহ বিনিময় পরিবহনের সামনের অংশ কেটে উদ্ধার করা হয়েছে।’
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, ‘নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু