প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
সংগৃহীত ছবিখুলনা মহানগরীর লবণচরা থানাধীন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে কাশেমিয়া জামে মসজিদসংলগ্ন রাস্তা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
নিহত শহীদুল ইসলাম কলিন লবণচরা এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিন সাধারণত বাড়ির বাইরে অবস্থান করতেন এবং দুই-তিন দিন পরপর বাড়িতে আসা-যাওয়া করতেন। গত শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘর থেকে বের হন। এরপর রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে এক স্থানীয় ব্যক্তি তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে পূর্বে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। ঘটনার দিনও বিকেলে বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
সময়ের আলো/জোই