পটুয়াখালীর দুমকি উপজেলায় গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মজিবর সর্দার (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বাড়ির পশ্চিম পাশে মাঠে থাকা গরু আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই