লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকালে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া-সারডুবি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ৬১ ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬১ বিজিবি জানিয়েছে, তিস্তা ব্যাটালিয়নের (বিজিবি-৬১) অধীনস্থ বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন এবং পঁয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এদের মধ্যে বড়খাতা এলাকায় ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং পঁয়ষট্টিবাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ দেশের প্রচলিত ও বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় হস্তান্তরের পরিবর্তে গভীর রাতে সীমান্তের বিভিন্ন কাঁটাতারবিহীন এলাকা এবং সীমান্ত ফেন্সের গেট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান সমঝোতা, প্রতিষ্ঠিত প্রোটোকল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত আচরণের পরিপন্থি। সীমান্তে যে-কোনো ধরনের অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে রংপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।
সময়ের আলো/জো