ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে এক বৃদ্ধ ব্যক্তিকে ট্রেনের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন তোফায়েল আহমেদ (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কসবা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও অনেক মানুষ কসবা রেলস্টেশনে সময় কাটাতে এসেছিলেন। তোফায়েলও বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে অসাবধানতাবশত রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েন। ঠিক তখনই একই লাইন দিয়ে দ্রুতগতিতে বিরতিহীন চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ স্টেশনের দিকে এগিয়ে আসছিল। ট্রেনের হুইসেল সত্ত্বেও বৃদ্ধ ব্যক্তি বিপদের বিষয়টি বুঝতে পারেননি। পরিস্থিতি আঁচ করতে পেরে তোফায়েল দ্রুত রেললাইনে নেমে বৃদ্ধকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেন।
বৃদ্ধ ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও তোফায়েল নিজে আর নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বলেন, একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ নামে এক যুবক ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। পরে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরবিএন