বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রে চলমান প্রস্তুতির শেষ পর্যায়ে বৃহস্পতিবারের অনুশীলন শেষে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি শনিবার স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
প্রীতি ম্যাচে জয় পেলেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবে লিওনেল স্কালোনির দল। তবে সেই সম্ভাব্য অর্জনের সঙ্গে জড়িয়ে আছে একটি অদ্ভুত ইতিহাস, যা আর্জেন্টিনা সমর্থকদের ভাবিয়ে তুলতেই পারে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের সামনে এখন শুধু প্রস্তুতি ম্যাচ নয়, আরও একটি বড় লক্ষ্য এসে দাঁড়িয়েছে।
ফিফার সর্বশেষ হিসাব অনুযায়ী আন্তর্জাতিক বিরতির আগে শীর্ষে ছিল ফ্রান্স। কিন্তু আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা পয়েন্ট হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সএন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করায় তারাও পয়েন্ট হারিয়েছে।
এই দুই প্রতিদ্বন্দ্বীর হোঁচটেই কোনো ম্যাচ না খেলেই দুই ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। এখন হন্ডুরাসের বিপক্ষে জয় পেলে আরও ১.৩ পয়েন্ট যোগ হবে তাদের ঝুলিতে, যা যথেষ্ট হবে শীর্ষস্থান নিশ্চিত করার জন্য।
আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স তিন দলেরই বিশ্বকাপের আগে আরও একটি করে প্রীতি ম্যাচ বাকি রয়েছে। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারানো। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আবারও শীর্ষস্থান দখল করতে পারে।
তবে র্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার সম্ভাবনার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত অভিশাপ। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপে শীর্ষস্থানধারী কোনো দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি।
/কেএইচও