পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষ হতে চলেছে। দীর্ঘ ১৬ দিনের বিরতির পর রোববার (৭ জুন) দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হবে পাঠদান।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয় এসব প্রতিষ্ঠানে।
নির্ধারিত ছুটি শেষ হয় গত বৃহস্পতিবার (৪ জুন)। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খুলছে ৭ জুন রোববার। এতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পেয়েছে।
অপর দিকে মাদ্রাসা শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পেয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে শুরু হওয়া এ ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পেয়েছে।
সময়ের আলো/আআ