জাবি ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিচার দাবি

জাবি প্রতিনিধি

শিক্ষা

এনসিপির কিছু কর্মীর বিরুদ্ধে নিজ বাড়িতে হামলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন জাবি ছাত্রদল নেতা আব্দুল গাফফার।

2026-06-05T18:28:13+00:00
2026-06-05T20:18:46+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
জাবি ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিচার দাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ১০৪)
জাবি ছাত্রদল নেতা আব্দুল গাফফার। ছবি : সময়ের আলো
এনসিপির কিছু কর্মীর বিরুদ্ধে নিজ বাড়িতে হামলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন জাবি ছাত্রদল নেতা আব্দুল গাফফার। শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। 

লিখিত বক্তব্যে আব্দুল গাফফার জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিষয় প্রকাশের জেরে তিনি ও তার পরিবার হুমকি-ধমকির মুখে পড়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সে সময় আন্দোলনের সামনের সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে তিনি এনসিপির বর্তমান সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সঙ্গে কাজ শুরু করেছিলেন। তবে সময়ের সঙ্গে তার কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ও মতবিরোধ তৈরি হয়। এ কারণে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয় বিবেচনা না করে জনস্বার্থ ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু তথ্য প্রকাশ করেন।

গাফফার সম্প্রতি তিনি একটি পোস্টে অভিযোগ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পর নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কাছ থেকে বিনিয়োগের নামে কোটি টাকার একটি ডিলের প্রস্তাব পেয়েছিলেন আবদুল হান্নান মাসুদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর থেকেই তার বিরুদ্ধে নানা বক্তব্য ও মন্তব্য প্রকাশ করা হয় এবং এনসিপির কিছু কর্মী তাকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে ওই কর্মীদের একটি দল তার গ্রামের বাড়িতে হামলা চালায়।


তিনি জানান, ঘটনার সময় তিনি নিজে বাড়িতে ছিলেন না। তার বাবা বাজারে এবং পরিবারের অন্য সদস্যরাও বাইরে অবস্থান করছিলেন। বাড়িতে কেবল তার মা ছিলেন। এ সুযোগে হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে তার মা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

আব্দুল গাফফার বলেন, হামলার পর স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও তার বাবা তখনও বাড়িতে ফিরতে পারেননি। পরে বাড়িতে ফিরে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি তার বাবাকে বিভিন্ন প্রশ্নে বিব্রত করেন এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, আবদুল হান্নান মাসুদের অনুসারীদের একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে অতীতেও ভয়ভীতি প্রদর্শন ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে জানতে চাইলে আবদুল হান্নান মাসুদ তাকে জানিয়েছেন যে, তিনি তার অনুসারীদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেন না। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন বিসমিল্লাহ রহমান।

তিনি আরও বলেন, তার কাছে এমন কিছু তথ্য ও প্রমাণ রয়েছে, যেখানে আবদুল হান্নান মাসুদ তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনে এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং জনস্বার্থ ও জবাবদিহিতার প্রশ্নে তিনি বিষয়টি সামনে এনেছেন। তার মতে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তা শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসনের ওপরও আঘাত হিসেবে বিবেচিত হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চার দফা দাবি জানিয়ে তিনি বলেন, তার বাড়িতে হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তার পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর মদদ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   জাবি ছাত্রদল  নেতা  এনসিপি  সুষ্ঠু তদন্ত  বিচার দাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: