আটক ছাত্রলীগ নেতার হাতে দেওয়া হলো— ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ প্ল্যাকার্ড

ঢাবি সংবাদদাতা

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহাকে আটকে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা প্ল্যাকার্ড হাতে দিয়ে

2026-11-02T10:37:13+00:00
2026-11-02T10:37:13+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিক্ষা
আটক ছাত্রলীগ নেতার হাতে দেওয়া হলো— ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ প্ল্যাকার্ড
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহাকে আটকে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা প্ল্যাকার্ড হাতে দিয়ে স্লোগান বলানোর পর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে হলের ক্যানটিনে খাবার খেতে গেলে তাকে আটক করা হয়। অর্ক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক।

আটকের পর অর্কর হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থীকে তাকে দিয়ে প্ল্যাকার্ডে লেখা ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ বলাতে দেখা যায়। প্রথমে তিনি বলতে রাজি না হলেও হুমকির মুখে কথাটি বলেন বলে ভিডিওতে দেখা গেছে। এ সময় ‘ডিসেম্বরে আসিস না, পিঠের চামড়া থাকবে না’ বলেও স্লোগান দেন কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক মাঝেমধ্যে জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার ক্যানটিনে তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, হলে তার কোনো বরাদ্দ করা আসন না থাকলেও অর্ক দীর্ঘদিন ধরে গোপনে অবস্থান করছিলেন। হলের সামনে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায়ও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, তা প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অর্ক সাহা থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে অর্ক সাহার নামও রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আটক  ছাত্রলীগ  আপা  ডিসেম্বর 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: