আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী । ফাইল ছবিবদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবিতে রাজপথে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এসব দাবির পাশাপাশি শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
রোববার (১ নভেম্বর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. আবুল বাশারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হবে।
এর আগে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ জারির প্রতিবাদে গত শনিবার দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক-কর্মচারীরা।
এদিকে, তদন্ত নোটিশ প্রত্যাহারের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জোট। একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ তুলে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিককে প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে জোট।
অন্যদিকে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে গত ২৯ অক্টোবর তিন সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের প্রশাসন শাখার অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়াকে। সহকারী পরিচালক মো. বুলবুল আহম্মেদকে সদস্য এবং সহকারী পরিচালক বেনজীর আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।
অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, ময়মনসিংহের সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো. আতাউর রহমান অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তার শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় চাকরির ক্ষেত্রে জাল সনদ ব্যবহার, অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ জন্য কমিটির সদস্যরা বিধি অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/এসকে