‘দুই মাস পেছালে আজীবন রাকসু হবে না, যদি না আরেকটি রেভলিউশন হয়’

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচন দুই মাস পেছালে তা আজীবনে অনুষ্ঠিত নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ

2026-11-01T19:50:09+00:00
2026-11-01T19:51:00+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিক্ষা
‘দুই মাস পেছালে আজীবন রাকসু হবে না, যদি না আরেকটি রেভলিউশন হয়’
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৭:৫১ পিএম
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচন দুই মাস পেছালে তা আজীবনে অনুষ্ঠিত নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘যদি দুই মাস পেছায় রাকসু, আর আজীবন রাকসু হবে না, যদি না আরেকটা রেভলিউশন হয়।’

রোববার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় রাকসুর পরবর্তী নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণের ব্যবস্থা করে দ্রুত সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাকসুর ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। নিয়মিত নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনকে দ্রুত পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।

সিনেটের কার্যক্রম নিয়েও কথা বলেন সাবেক এই জিএস। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সিনেট অধিবেশনের তারিখ ঘোষণা ও নিয়মিত অধিবেশন আয়োজনের উদ্যোগ নিতে হবে প্রশাসনকে।

রাকসুর দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আম্মার বলেন, দল-মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিন্নতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্নে সবাইকে এক হতে হবে। তিনি নিজেও রাকসু আদায়ের চেষ্টা চালিয়ে যাবেন। তবে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে এগিয়ে না এলে ভবিষ্যতে এর দায় তাদেরও নিতে হবে।

শিক্ষার্থীদের রাজনীতিবিমুখতা প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে রাজনীতিবিমুখ দাবি করাও একধরনের রাজনৈতিক অবস্থান। তার মতে, রাজনীতির বাইরে থাকার সুযোগ কারও নেই। রাকসুর দাবিতে সবাইকে সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ সরাসরি মাঠে নামতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরতে পারেন। অন্তত ছাত্র সংসদ নির্বাচনের দাবির বিরোধিতা না করার আহ্বান জানান তিনি।

নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে অতীতের নানা অনিয়ম ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন আম্মার। তার ভাষ্য, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকলে সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারত্ব ও আসন-বাণিজ্যের মতো সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। তাই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিয়মিত রাকসু নির্বাচন প্রয়োজন।

দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির কথাও জানান তিনি। আম্মার বলেন, সাবেক জিএস হিসেবে আরেকটি রাকসু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব তাদের ছিল। প্রশাসনের সদিচ্ছা থাকলে নির্বাচন আয়োজন সম্ভব। দাবি আদায়ে প্রথমে স্মারকলিপি দেওয়া হবে। এরপর মানববন্ধন এবং তাতেও কাজ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রাকসু  রাবি  সংবাদ সম্মেলন  সালাহউদ্দিন আম্মার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: