কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সহযোগীরা ঝটিকা মিছিল করেছেন।
শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে চিটাগাংরোড টু ডেমরা সড়কের গলাকাটা অংশ এলাকার সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তে এ মিছিলটি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০ জনের এক গ্রুপকে আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাস্থ শিমরাইলের দিকে এগোতে দেখা গেছে। মিছিলে তারা মুজিব তোমার স্বরণে ভয় করিনা মরণে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, যুবলীগ নেতা হান্নান প্রধান ও সেচ্ছাসেবক লীগের জহিরুল ইসলামের নেতৃত্বে এ মিছিলটি করা হয়েছে। মুখে কালো মাস্ক ও মাথায় লাল কাপড় বাঁধা মিছিলের ভিডিও মোবাইলে ধারণ করতে দেখা যায় মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি নাজিম খান ওরফে নাদিম।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি মিছিলটি আমাদের থানা এরিয়ায় হয়নি। আমাদের এখানে মিছিল করার কোনো সুযোগ নেই, কারণ আমরা সর্বক্ষণ তাৎপরতার সঙ্গে কাজ করছি। মিছিল করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।
সময়ের আলো/জোই