প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবিযশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গরুবোঝাই নসিমনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ১০ বছর বয়সী শোভন ও তার তিন বছর বয়সী বোন দিশা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন ও দিশা ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের বাসিন্দা এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমারের সন্তান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাধন কুমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ দেখতে বের হন। তাদের বহনকারী ভ্যানটি ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চালকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই