নড়াইল-যশোর মহাসড়কের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে শিশু ও নারীসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশ্যে আসছিল। বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
দুর্ঘটনার পর সড়কটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/মহু