বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন স্থানে ভুয়া কমিটি ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ ও গ্রুপ পরিচালনার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডকে দলের পক্ষ থেকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ভুয়া কমিটি ঘোষণা করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন কমিউনিটি খুলে নিজেদেরকে দলের অনুমোদিত সংগঠন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন
দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের কোনো জেলা বা মহানগর পর্যায়ে আলাদা কোনো কমিটি গঠন করা হয়নি। তাই বিভিন্ন স্থানে যেসব কাঠামো বা তালিকা প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে মূল কমিটির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু ব্যক্তি নিজেদেরকে মিডিয়া সেলের অনুমোদিত প্রতিনিধি দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এসব কার্যক্রম দলের শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল বলে মনে করছে কেন্দ্রীয় কমিটি।
এ ধরনের ভুয়া কমিটি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব ভুয়া তথ্য, তালিকা ও অনলাইন পেজ থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এএডি/