বিএডিসির গুদামে তেলের পাম্প স্থাপন ও গাছ কাটার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদামের জায়গা লিজ নিয়ে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও

2026-06-08T13:52:38+00:00
2026-06-08T13:52:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএডিসির গুদামে তেলের পাম্প স্থাপন ও গাছ কাটার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৫২ পিএম 
মো. ইমরান উদ্দিন। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদামের জায়গা লিজ নিয়ে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও সরকারি মালামাল চুরির মাধ্যমে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে মো. ইমরান উদ্দিন নামে এক এনসিপি নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ইমরান উদ্দিন হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। তিনি পৌরসভা এনসিপির সদস্য এবং আসন্ন পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারে প্রায় তিন একর জায়গাজুড়ে বিএডিসির একটি বড় গুদাম রয়েছে। গুদামটি তিন বছর মেয়াদে ব্যক্তিগতভাবে লিজ দেয় কর্তৃপক্ষ। গত বছর এটির লিজ নেন ইমরান উদ্দিন। অভিযোগ রয়েছে, লিজ নেওয়ার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার শুরু করেন।

গুদামের ভেতরে থাকা প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে বিক্রি এবং গুদামের জমি থেকে বালি ও মাটি কেটে প্রতি পাওয়ার ট্রলি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। এর আগে এই গুদামটি শিক্ষক আলী আশরাফ শাহীনের লিজে থাকাকালীন এক ব্যবসায়ীর বিপুল পরিমাণ রড ও পাথর সেখানে রাখা ছিল। ইমরান উদ্দিন লিজ পাওয়ার পর সেখান থেকে প্রায় ২০ লাখ টাকার পাথর এবং রাতের আঁধারে গুদামের তালা ভেঙে ৮৪ টন রড বিক্রি করে দেন বলে স্থানীয়রা দাবি করেন।


লিজ চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামের খালি জায়গায় মাসিক ১০ হাজার টাকায় বাবুল নামে এক ব্যক্তির কাছে জ্বালানি তেলের পাম্প স্থাপনের জন্য ভাড়া দেওয়া হয়েছে। বিএডিসির নিয়মানুযায়ী, লিজগ্রহীতা কোনোভাবেই সরকারি অবকাঠামোর পরিবর্তন বা কোনো অংশ অন্য কারও কাছে পুনরায় ভাড়া (সাব-লিজ) দিতে পারেন না।

নোয়াখালী জেলা বিএডিসির (সার-বীজ শাখা) সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, তেলের পাম্প স্থাপনের কোনো অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি আমি পাম্পটি পরিদর্শন করে বৈধ কাগজপত্র না পাওয়ায় এর কার্যক্রম বন্ধ করে দিয়েছি। বিএডিসি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

অভিযুক্ত ইমরান উদ্দিনের সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বৈধভাবে গুদামটি লিজ নিয়েছি। লিজগ্রহীতা হিসেবে জায়গা ব্যবহার বা ভাড়া দেওয়ার অধিকার আমার রয়েছে। সামনে পৌর নির্বাচন, তাই রাজনৈতিকভাবে আমাকে হেয় করতেই এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিএডিসি  গুদাম  তেলের পাম্প  গাছ কাটা  এনসিপি নেতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: