বিশ্বকাপের মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও শেষ মুহূর্তে সমতায় ফেরে প্রতিপক্ষ উজবেকিস্তান। তবে নাটকীয় সমাপ্তিতে কোডি গাকপোর দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের এই জয় নেদারল্যান্ডসকে যেমন আত্মবিশ্বাস দিয়েছে, তেমনি বিশ্বকাপের আগে দলের কিছু দুর্বলতাও সামনে নিয়ে এসেছে।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল রোনাল্ড কোমানের শিষ্যরা। একের পর এক সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে প্রথমার্ধে বক্সের মধ্যে ফাউলের শিকার হন ক্রিসেন্সিও সামারভিল। সেই সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কোডি গাকপো।
আরও পড়ুন
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নেদারল্যান্ডসের হাতেই। তবে আক্রমণভাগের অকার্যকারিতা তাদের স্বস্তিতে থাকতে দেয়নি। বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গোলবঞ্চিত হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি অপ্রত্যাশিত নাটকীয়তায় মোড় নেয়।
৮৭ মিনিটে গোলরক্ষকের লাল কার্ড ডাচদের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে আসে। সংখ্যাগত সুবিধা পেয়ে উজবেকিস্তান শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে এবং ম্যাচটিকে প্রায় ড্রয়ের দিকে নিয়ে যায়।
কিন্তু অতিরিক্ত সময়ের শেষদিকে আবারও নায়ক হয়ে ওঠেন গাকপো। কর্নার থেকে সৃষ্ট আক্রমণে পাওয়া দ্বিতীয় পেনাল্টি নিখুঁতভাবে জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচকে এভাবেই স্মরণীয় করে রাখলেন ডাচ ফরোয়ার্ড।
তবে জয়ের আনন্দের মাঝেও কিছুটা উদ্বেগ রয়ে গেছে নেদারল্যান্ডস শিবিরে। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রথম পছন্দের গোলরক্ষক বার্ট ফেরব্রুগেনকে। তার ইনজুরির মাত্রা এখনও নিশ্চিত না হলেও বিশ্বকাপের ঠিক আগে এই ঘটনা দলের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।
এএডি/