বিশ্বকাপের মূল লড়াই শুরুর ঠিক আগে নিজেদের প্রস্তুতির শেষ পরীক্ষায় দারুণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার (১০ জুন) পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল। শুরু থেকেই আক্রমণের ছন্দে থাকা আর্জেন্টিনা প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
দলের হয়ে গোলের সূচনা করেন তরুণ তারকা ভ্যালেন্টিন বারকো। তার দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলের লিড আরও শক্ত করেন তিনি।
আরও পড়ুন
দুই গোলের সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। মাঝমাঠে দ্রুত পাসিং ও সংগঠিত আক্রমণে বারবার বিপাকে পড়ে আইসল্যান্ডের রক্ষণভাগ। ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।
আইসল্যান্ড কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগ তাদের কোনো বড় সুযোগ তৈরি করতে দেয়নি। ফলে পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখতে সক্ষম হয় বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের আগে এই জয় আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির। দলের তারকা খেলোয়াড়দের ফর্ম, আক্রমণভাগের ধার এবং রক্ষণভাগের দৃঢ়তা- সবকিছু মিলিয়ে আসন্ন আসরের আগে ইতিবাচক বার্তাই পেল স্কালোনির শিষ্যরা।
এএডি/