কুষ্টিয়া জেলার খোকসায় ঝড়ে ৩ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের সন্তোষপুর ১, গোপকগ্রাম ২ ও গোপকগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে এ ঝড় বয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে অল্প সময়ের ভেতরেই সব লন্ডভন্ড হয়ে যায়। ৩ টি গ্রামের অনেক গাছপালা উপড়ে গেছে। এমনকি কয়েকশ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে।
গোপক গ্রামের দিনমজুর মধু শেখ বলেন, ‘কমবেশি সব বাড়িতেই ক্ষতি হয়েছে।’
একই গ্রামের বাসিন্দা জাহেদ বলেন, ‘এখানকার একটি শতবর্ষী বটগাছ উপড়ে পড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের।’
চায়না খাতুন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। টাকাও নেই যে ঠিক করব। সরকার যদি আমাদের সহযোগিতা করত, তাহলে উপকার হতো।’
গোপকগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম সরদার বলেন, ‘ঝড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউএনওকে সব কিছু জানানো হয়েছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা করতে বলেছি। তারা জমা দিলে সহায়তা করা হবে।’
/মহু