দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ইস্কাফ সিরাপসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়ার আলম হোসেনের স্ত্রী ফরিদা খাতুন (৪৬), মোফাজ্জল হোসেনের স্ত্রী শিরিন আক্তার (৩২) ও আনোয়ার হোসেনের স্ত্রী মালেকা বানু (৪৪)। আসামি শিরিন আক্তারের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি, ফরিদা খাতুনের ২টি ও মালেকা বানুর একটি মামলা রয়েছে। ওই তিন মাদক কারবারির বাড়িতে বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ মাদকসেবীরা যাওয়া-আসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়ায় গোপনে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযান চালিয়ে তাদের আটক করেন। পুলিশ তিনটি বাড়ি-ঘর তল্লাশি করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ফরিদা খাতুনকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ২ বোতল ইস্কাফ, শিরিন আক্তারকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ২ বোতল ইস্কাফ এবং মালেকা বানুকে ২ বোতল ইস্কাফসহ আটক করা হয়।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, আটকদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই