সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি

2026-06-12T21:14:13+00:00
2026-06-12T21:14:13+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৪২)
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে যেকোনো সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী হঠাৎ করেই মহাসড়কে মিছিল বের করে। কয়েক মিনিটের ওই মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জানা যায়, অল্প সময়ের মধ্যেই তারা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং ভিডিও ধারণ শেষে দ্রুত স্থান ত্যাগ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, একই ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের একটি ফেসবুক পেজ এবং মিছিলের নেতৃত্ব দেওয়া ব্যক্তির ব্যক্তিগত ফেসবুক আইডিতেও প্রকাশ করা হয়েছে।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পুলিশের তাৎক্ষণিক ভূমিকা নিয়ে। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে একটি নিষিদ্ধ সংগঠনের মিছিল হলেও ঘটনাস্থলে পুলিশকে দেখা যায়নি বলে দাবি করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী। তাদের ভাষ্য, মিছিলকারীরা নির্বিঘ্নে কর্মসূচি পালন করে চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।


স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি সাধারণ মানুষ পাঁচ-দশজন জড়ো হয়, তখনই পুলিশ খবর পেয়ে যায়। অথচ একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে মিছিল করে চলে গেল, এটা মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 

আরেক বাসিন্দার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে যে, ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, ছাত্রলীগ মিছিল করতে পারে— এমন আশঙ্কা থেকে আমরা প্রতিহত করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



/ইউএমএইচ




  বিষয়:   সাতকানিয়া  চট্টগ্রাম  ছাত্রলীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: