এক দিনের সরকারি সফরে শনিবার (১৩ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবেশ ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট উদ্যোগ। কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন ডুলাহাজারা সাফারি পার্ক। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের চলমান উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে তার।
আরও পড়ুন
এদিন তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
রাজনৈতিকভাবে সফরের সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভা। বিকেলে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দিনের শেষ ভাগে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন তিনি। পরে একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা, জনসভা আয়োজন এবং সরকারি কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগেই কক্সবাজারে পৌঁছে সফর-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করছেন।
এএডি/