ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রায় যাওয়ার পথে যুবকের মৃত্যু

ভোলা সংবাদদাতা

সারাদেশ

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল (২৬) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সবুজ (২৪)

2026-06-13T23:41:47+00:00
2026-06-13T23:52:22+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রায় যাওয়ার পথে যুবকের মৃত্যু
ভোলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪১ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১১:৫২ পিএম  (ভিজিট : ১০)
প্রতীকী ছবি
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল (২৬) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সবুজ (২৪) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান সড়কের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের মো. মাকসুদের ছেলে। আহত সবুজের বাড়ি ঘটনাস্থলের কাছেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পৌরভবনের সামনে থেকে বোরহানউদ্দিন উপজেলা ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতখান সড়কের মোড়ে পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটে। সেখানে গিয়ে সমর্থকেরা দেখতে পান, ব্রাজিলের জার্সি পরিহিত যুবক ইসমাইল রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইসমাইল শোভাযাত্রায় যোগ দিতে নিজ বাড়ি থেকে রওনা হয়ে বোরহানউদ্দিন উপজেলা শহরের দিকে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী চিত্রগ্রাহক মো. শাকিল বলেন, শোভাযাত্রার ড্রোন ফুটেজ নেওয়ার উদ্দেশ্যে আমি আগেভাগেই ঘটনাস্থলে পৌঁছাই। চোখের পলকেই দেখি, জিক্সার মডেলের একটি মোটরসাইকেল কুঞ্জেরহাট এলাকার দিক থেকে বোরহানউদ্দিনের দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কংক্রিটের ব্লকে ধাক্কা খেয়ে আরোহী ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল।

আরও পড়ুন


আহত সবুজের চাচি লাইজু বেগম বলেন, যুবকটি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় সবুজকে ধাক্কা দেন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে সবুজকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

শোভাযাত্রায় থাকা কয়েকজন ব্রাজিল সমর্থক জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শোভাযাত্রায় থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, ঘটনা শুনে তারা হাসপাতাল এসেছেন। খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বাড়ি নিয়ে গেছে পরিবারের স্বজনেরা।

সময়ের আলো/জোই




  বিষয়:   ব্রাজিল  শোভাযাত্রা  প্রাণ গেল  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: