নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সী দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির
সিএনজি অটোরিকশা চালক মো. আলমের ছেলে মো. আসিফ ও মো. আরিফ। আহত শাওন একই
বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন আরোহী মোটরসাইকেলটি নিয়ে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সীর দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, আপন দুই ভাই নিহতের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সময়ের আলো/জোই