প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তাশঙ্কার কারণে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলের পথ সীমিত করেছে রেল কর্তৃপক্ষ। এখন থেকে ট্রেনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও গোবরা স্টেশনের পরিবর্তে কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। বিরতিকালীন সময়ে ট্রেনটি কালুখালী থেকে রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর সূত্রে জানা যায়, আগে রাজশাহী থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন হয়ে টুঙ্গিপাড়া ও গোবরা পর্যন্ত চলাচল করত টুঙ্গিপাড়া এক্সপ্রেস। রাজশাহী থেকে ছেড়ে গোবরা পর্যন্ত যাওয়ার পর বিরতিকালীন সময়ে ট্রেনটি টুঙ্গিপাড়া স্টেশনে রাখা হতো।
তবে গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ট্রেনটিতে নাশকতার আশঙ্কা তৈরি হওয়ায় এর যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি কালুখালী পর্যন্ত চলাচল করবে এবং বিরতির সময় রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে রাখা হবে।
এ সিদ্ধান্তের ফলে টুঙ্গিপাড়া ও কালুখালী এলাকার যাত্রীরা ঈশ্বরদী, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। যাত্রী দুর্জয় ইসলাম লিমন বলেন, রাজশাহী ও উত্তরাঞ্চলের যাত্রীরা এখন টুঙ্গিপাড়া বা গোবরা এলাকায় সরাসরি ট্রেনে যেতে পারছেন না। তাঁদের কালুখালী গিয়ে সেখান থেকে সড়কপথে গন্তব্যে যেতে হচ্ছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, নিরাপত্তাজনিত কারণে টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে আপাতত টুঙ্গিপাড়া পর্যন্ত না নিয়ে কালুখালী পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। কালুখালী থেকে বিরতিকালীন সময়ে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল করবে।
সময়ের আলো/এসএকে